প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে: হুইপ অপু

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
আগামী ডিসেম্বরের মধ্যেই শরীয়তপুর-চাঁদপুর মেঘনা নদীর ওপর সংযোগ সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার বিকালে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ভোলা-শরীয়তপুর-ঢাকা ফোর-লেন সড়ক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের ভোলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে প্রায় ১০০ কিলোমিটার পথ কমে আসবে।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শওকত আরা আক্তার উর্মি, জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাছির উদ্দীন কালু, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি, আহবায়ক কমিটির সদস্য বিএম মোস্তফাসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।